কক্সবাজার জেলা প্রতিনিধি; ১৯ জুন ২০২৬ , ৯:২০:১৭প্রিন্ট
সংস্করণ
কক্সবাজারের পেকুয়ায় নববধূ কাজল রেখা (১৯)-এর মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছে এলাকাবাসী।
রবিবার (২১ জুন) বিকেলে পেকুয়া সদর ইউনিয়নের উত্তর গোঁয়াখালী এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, কাজল রেখার মৃত্যু রহস্যজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
স্থানীয়রা জানান, গত ২০ জুন বিকেল ৩টার দিকে মুরারপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে কাজল রেখার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পেকুয়া থানা পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। রবিবার ময়নাতদন্ত শেষে জানাজা সম্পন্ন হওয়ার পর এলাকাবাসী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
নিহত কাজল রেখা নবগঠিত পেকুয়া পৌরসভার উত্তর গোয়াখালী এলাকার গ্রাম পুলিশ সদস্য জসিম উদ্দিনের মেয়ে। চলতি বছরের ৩১ জানুয়ারি মোরারপাড়া এলাকার মো. রাসেদের ছেলে রাজু ইসলাম রানার সঙ্গে তার বিয়ে হয়।
মর্মান্তিক অকাল মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দাবি করেছে, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত এজাহার দেয়া হয়নি। এরপরও “ঘটনার তদন্ত চলমান রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”