প্রতিনিধি ৫ আগস্ট ২০২৬ , ৮:৩৬:২৩ প্রিন্ট সংস্করণ
মহান ‘জুলাই গণঅভ্যুত্থান-২০২৪’-এর স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ এবং শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরতে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতি। গেল মঙ্গলবার (০৪ আগস্ট ২০২৬) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের ভূমিকা নিয়ে বিষদ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, উন্নত শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের সমন্বয়েই একটি সমৃদ্ধ, আধুনিক ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তরুণদের রাষ্ট্র ও জাতি গঠনে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, রাষ্ট্র ও সমাজের দীর্ঘদিনের ত্রুটিপূর্ণ ব্যবস্থার কারণে বহু মেধাবী ও যোগ্য মানুষকে অতীতে কাজে লাগানো যায়নি। এই সীমাবদ্ধতা দূর করে আগামী প্রজন্মের জন্য একটি বৈষম্যহীন, মানবিক ও সমান সুযোগের বাংলাদেশ নিশ্চিত করাই বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ।
শিক্ষকদের পথপ্রদর্শকের ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করার দায়িত্বও শিক্ষকদেরই নিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন বুয়েটের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী এবং পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিলসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় বুয়েটের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও গবেষণার পরিবেশ আধুনিকীকরণসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চাহিদার কথা তুলে ধরেন শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এসব দাবি ও প্রয়োজনীয়তার বিষয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বুয়েটের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।















