সারাদেশ

জামায়াতের কারণে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে : গুলশানের মিছিল নিয়ে রাশেদ খানের অভিযোগ

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৪:৩৪:৫৭ প্রিন্ট সংস্করণ

 

জামায়াতে ইসলামীর সঙ্গে গোপন যোগাযোগের কারণেই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ গুলশানে বিক্ষোভ মিছিল করার সাহস পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, ১৯৯৬ সালেও আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও জামায়াতের কারণে আওয়ামী লীগ আন্দোলনে নামার সাহস পাচ্ছে।

শনিবার সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন রাশেদ খান। পরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘জামায়াত নেতারা বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই। কিন্তু আমরা বলতে চাই, দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।’

এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালিতে অংশ নেন তিনি।

র‌্যালিতে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content