মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ৫:৫৫:২৮ প্রিন্ট সংস্করণ
‘এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। থাকার মতো একটা ঘর আছে, কিন্তু খাবারের নিশ্চয়তা নেই। কোনো দিন মানুষ খাবার দেয়, কোনো দিন না খেয়েই থাকতে হয়।’
৮০ বছর বয়সী আমীর উদ্দিন সরদারের জীবন যেন এমনই এক দীর্ঘ অপেক্ষার গল্প। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। চোখে-মুখে ক্লান্তির ছাপ। অথচ এই বয়সেও দুমুঠো খাবারের জন্য তাঁকে যেতে হয় মানুষের বাড়ির দরজায়। কেউ সহায়তা করলে সেদিন খাবার জোটে, আবার কোনো দিন খালি হাতেই ফিরতে হয়।
নওগাঁর মান্দা উপজেলার ভরট্টো শিবনগর গ্রামের একটি ছোট্ট টিনের ঘরে এখন তাঁর বসবাস। ঘরটি নিজের হলেও সেখানে নেই স্বাচ্ছন্দ্য। নেই বিদ্যুৎ, নেই প্রয়োজনীয় আসবাবপত্র। চারপাশজুড়ে অভাব আর একাকীত্ব।
আমীর উদ্দিন কাঁশোপাড়া ইউনিয়নের দোয়ানী গ্রামের মৃত জমির উদ্দিন সরদারের ছেলে। মাত্র পাঁচ বছর বয়সে বাবাকে হারান তিনি। পরে তাঁর মা দ্বিতীয় বিয়ে করেন কসব ইউনিয়নের চকবালু গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে। মায়ের সঙ্গে থেকেই বড় হন আমীর উদ্দিন।
জীবনের একপর্যায়ে নিজের সংসারের স্বপ্ন দেখেছিলেন তিনি। একে একে তিনবার বিয়েও করেন। বনকুড়া, পারডাঙ্গী ও চকত এলাকায় গড়ে ওঠে তাঁর সংসার। কিন্তু কোনো সংসারই শেষ পর্যন্ত টেকেনি। একসময় স্ত্রী-সংসার হারিয়ে একেবারে একা হয়ে পড়েন তিনি।
এরপর জীবিকার তাগিদে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতে থাকেন। এর মধ্যে আত্রাই নদীর ভাঙনে হারিয়ে যায় তাঁর বসতভিটাও। মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েন আমীর উদ্দিন।
ভরট্টো শিবনগর গ্রামের আলহাজ্ব মজিবর রহমান বলেন, ‘আমীর উদ্দিনের এই পৃথিবীতে কেউ নেই। বাড়িঘর আত্রাই নদীতে বিলীন হয়ে যাওয়ার পর তাঁর মাথা গোঁজার ঠাঁই ছিল না। পরে জোঁকাহাট-সংলগ্ন এলাকায় ইউনিয়ন পরিষদে যাতায়াতের রাস্তার পশ্চিম পাশে একটি ছইয়ের নিচে বসবাস শুরু করেন।’
তিনি বলেন, ‘পরে ১৯ কুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ভরট্টো শিবনগর এলাকায় রুস্তমের দোকানের কাছে একটি সেডের ওপর টিনের বেড়া দিয়ে ছোট একটি ঘর করে দেওয়া হয়। বর্তমানে সেখানেই কোনো রকমে বসবাস করছেন তিনি। সরকারি অনুদান কিংবা একটি ভালো বাড়ির ব্যবস্থা করা হলে আমীর উদ্দিন অনেক উপকৃত হতেন।’
ছোট্ট সেই ঘরটিই এখন আমীর উদ্দিনের পৃথিবী। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামে, রাত গভীর হয়; কিন্তু তাঁর একাকীত্ব কাটে না। পাশে নেই স্ত্রী, নেই সন্তান, নেই আপনজন। অসুস্থ হলে দেখার মতোও তেমন কেউ নেই।
সবচেয়ে বড় দুশ্চিন্তা খাবার নিয়ে। বয়সের কারণে নিয়মিত কাজ করার সামর্থ্য নেই। তাই খাবারের আশায় তাঁকে ছুটতে হয় মানুষের বাড়ি বাড়ি।
স্থানীয়রা জানান, কেউ দয়া করে খাবার দিলে তা নিয়েই দিন পার করেন আমীর উদ্দিন। কখনো ভাত, কখনো শুকনো খাবার—যা জোটে, তাই তাঁর কাছে পরম প্রাপ্তি। মানুষের সহযোগিতা না পেলে অনেক সময় অনিশ্চিত হয়ে পড়ে তাঁর খাবারের ব্যবস্থা।
আমীর উদ্দিনকে ঘর করে দেওয়া ১৯ কুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘মানবিক কারণে আমীর উদ্দিনকে একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর।’
তিনি আরও বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতা-কর্মী, সংসদ সদস্য, চেয়ারম্যান-মেম্বারসহ সমাজের বিত্তবানদের এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।’
জীবনের শেষ প্রান্তে এসে আমীর উদ্দিনের চাওয়াও খুব বেশি নয়—একটি নিরাপদ ঘর, নিয়মিত দুমুঠো খাবার আর একটু আপনজনের মতো আচরণ। অথচ এই সামান্য চাওয়াটুকুই যেন তাঁর কাছে অনেক বড়।
ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, জীবনের পথে তিনবার সংসার গড়েও ধরে রাখতে পারেননি, নদীর ভাঙনে হারিয়েছেন বসতভিটা। আজ সেই আমীর উদ্দিনের শেষ আশ্রয় মানুষের সহানুভূতি।
দিন শেষে ছোট্ট টিনের ঘরে ফিরে যান ৮০ বছরের এই বৃদ্ধ। হয়তো অন্ধকার ঘরে শুয়ে তাঁর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়





















