প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৬ , ১১:৫৫:৪৬ প্রিন্ট সংস্করণ
সাজেকে আজ শনিবার দুপুর ১২ থেকে ৪৮ ঘন্টার সড়ক অবরোধের ডাক দিয়েছেসাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি নামে স্থানীয় দুটি সংগঠন।
সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ভেরিফায়েড ফেসবুক পেইজে ৪৮ ঘন্টা অবরোধের বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, নিরাপত্তা বাহিনীর আশ্রয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস- সন্তু গ্রুপ) সদস্যরা সাজেকে অবস্থান করে সাধারণ মানুষকে হত্যার হুমকি দিচ্ছে। তার প্রতিবাদে শনিবার থেকে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে।
সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটির যৌথ উদ্যোগে এই সড়ক অবরোধ পালিত হবে।
এর আগে গত বৃহস্পতিবার সাজেকের মাচালং উজো বাজারে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই কর্মসূচির কথা জানানো হয়েছিল।
সড়ক অবরোধের কর্মসুচির বিষয়টি নিশ্চিত করে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সভাপতি বাবুধন চাকমা বলেন, আজ দুপুর ১২টা থেকে পর্যটন কেন্দ্র সাজেক এলাকায় ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ শুরু হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাজেক এলাকা থেকে সশস্ত্র সদস্যদের সরানো না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।
আন্দোলনকারীদের অভিযোগ, আঞ্চলিক দল জেএসএস (সন্তু) গ্রুপের সদস্যরা সাজেক এলাকায় অবস্থান নিয়ে সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের এই এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবি জানান স্থানীয়রা।
এদিকে সড়ক অবরোধ কর্মসচি ঘোষণার কারণে সাজেকে ভ্রমণকারী পর্যটক এবং স্থানীয়দের চলাচলে সমস্যা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, সাজেকে বর্তমানে তিন হাজারের কাছাকাছি পর্যটক অবস্থান করছেন।
এ বিষয়ে জানতে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মো. তোফাজ্জল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।















