প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৬ , ৬:১১:১২ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুদিন পর মোসা. ইসরাত জাহান যুথি নামের দশম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া মাছুয়াখালী গ্রামের একটি সুপারির বাগানের পাশের নালা থেকে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসরাত জাহান যুথি (১৬) ওই গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে। সে সুবিদখালী র.ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয় যুথি। প্রতিদিন দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে সে বাড়ি ফিরলেও ওই দিন আর ফেরেনি। নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় তার মা বিদ্যালয়ে খোঁজ নিতে যান। সেখানে শিক্ষকরা জানান, যুথি সেদিন পরীক্ষা দিতে স্কুলে আসেনি। এরপর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন।
নিহতের বাবা মো. জামাল হাওলাদার জানান, তাদের বাড়ির মমতাজ নামের এক নারী বাড়ির দক্ষিণ পাশে সুপারির বাগানের কাছে যুথির জুতা দেখতে পান। পরে সেখানে খোঁজাখুঁজির একপর্যায়ে সুপারির বাগান ও পানের বরজের মাঝখানের একটি নালায় তার বিবস্ত্র মরদেহ পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে মির্জাগঞ্জ থানায় জানানো হয়। পরে পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়।
খবর পেয়ে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















