প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৬ , ৭:৩৮:৪৪ প্রিন্ট সংস্করণ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওই মামলায় আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দিয়েছেন।
গত ২৭ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা, তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মো. মাসুদুর রহমান এ মামলায় দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আজ শুনানিকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামির পক্ষে আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল, জাকারিয়া হায়দারসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থণা করেন। শুনানি নিয়ে আদালত দুই দিনের রিমান্ডের আদেশ দেয়।
মামলার বিবরণ থেকে জানা যায় , গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় নিবাস মজুমদারসহ কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলে তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ রাষ্ট্রবিরোধী নানা কর্মকাণ্ড চালান। এ ঘটনায় ওই দিনই তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহিদুল হক মামলা দায়ের করেন।
গত ১৯ অক্টোবর সন্ধ্যায় দিলীপ কুমার আগরওয়ালাকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন স্বর্ণ ও হীরা চোরাচালন এবং অর্থপাচারের মামলায় তাকে এক দিনের রিমান্ডে পাঠান আদালত। এরপর গত ২১ অক্টোবর আ. জব্বার হত্যাচেষ্টার মামলায় দুই দফায় ছয়দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। গত ২ নভেম্বর তাকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়।















