আন্তর্জাতিক

ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল, জরুরি অবস্থা ঘোষণা

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৬ , ১১:৫৫:২২ প্রিন্ট সংস্করণ

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে অভিবাসী ও শরণার্থীদের ঢলের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় রাজধানী মাদ্রিদের কেন্দ্রীয় সরকারের সহায়তাও চাওয়া হয়েছে।

শনিবার স্পেনের টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এল হিয়েরোর গভর্নিং কাউন্সিলের প্রধান আলপিদিও আরমাস বলেন, দ্বীপটিতে অভিবাসীদের আগমনের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তাঁরা গভীরভাবে উদ্বিগ্ন। উচ্চপর্যায়ের সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি সামাল দিতেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী ও শরণার্থী দ্বীপটিতে পৌঁছেছেন। অথচ দ্বীপটির মোট জনসংখ্যা মাত্র ১১ হাজার ৪০০। নতুন আসা মানুষদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

আলপিদিও আরমাস জানান, দ্বীপের হাসপাতালের পরিস্থিতিও এখন ‘অনাকাঙ্ক্ষিত’ পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে ক্যানারি দ্বীপপুঞ্জের আঞ্চলিক সরকারের প্রধান ফার্নান্দো ক্লাভিহো পরিস্থিতিকে ‘সম্পূর্ণ অসহনীয়’ বলে বর্ণনা করেছেন।

তিনি জানান, নভেম্বরের প্রথম ছয় দিনে ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূল থেকে ৩ হাজার ২৬১ জন অভিবাসী ও শরণার্থীকে উদ্ধার করেছে সামুদ্রিক উদ্ধারকারী সংস্থাগুলো। অভিবাসীদের আগমনের হার ২০২৪ সালের রেকর্ড পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। কোনো কোনো দিন বর্তমান আগমনের হার আগের রেকর্ডকেও ছাড়িয়ে যাচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দ্বীপের বাস পরিবহন অভিবাসীদের ব্যবস্থাপনার কাজে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি অন্য দ্বীপগুলো থেকে চিকিৎসাকর্মীদেরও নিয়ে আসা হয়েছে বলে জানান ক্লাভিহো।

পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পেরিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর পথটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট হিসেবে পরিচিত। এ পথে যাত্রা করতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।

এএফপির বরাতে জানা গেছে, চলতি সপ্তাহে ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা করা একটি নৌকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেঁচে ফেরা যাত্রীদের বর্ণনা অনুযায়ী, যাত্রাপথে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে দ্বীপপুঞ্জের উপকূলে অন্তত নয়জন অভিবাসী ও শরণার্থীর মৃত্যু হয়েছে।

২০২৪ সালে ক্যানারি দ্বীপপুঞ্জে ৪৬ হাজারের বেশি অনিয়মিত অভিবাসীর আগমন রেকর্ড করা হয়েছিল। এরপর নজরদারি জোরদার এবং অভিবাসীদের উৎস ও ট্রানজিট দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ফলে আগমনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সমুদ্রপথে ১৩ হাজার ৩২৭ জন অনিয়মিত অভিবাসী ও শরণার্থী দেশটিতে পৌঁছেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৫ দশমিক ৫ শতাংশ কম।

তবে সেনেগাল, মৌরিতানিয়া ও মরক্কোর উপকূলে নজরদারি বাড়ানোর ফলে অভিবাসীদের যাত্রার পথ আরও দক্ষিণে সরে গেছে। এখন গাম্বিয়া, গিনি-বিসাউ ও গিনি থেকে অনেক নৌকা যাত্রা শুরু করছে। এতে সমুদ্রপথের দূরত্ব ও ঝুঁকি দুটোই বেড়েছে।

এদিকে শনিবার সেনেগালের পুলিশ রাজধানী ডাকারের উপকূল থেকে নারী ও ছোট শিশুসহ ১৪২ জন অভিবাসীকে আটক করেছে।

আরও খবর

Sponsered content