প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৬ , ২:০২:১১ প্রিন্ট সংস্করণ
মিথ্যা সংবাদ প্রচার করে মানহানির অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের ম্যানেজিং ডিরেক্টর এ কে আজাদসহ সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন সাময়িক বরখাস্ত লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম।
আজ সোমবার ঢাকা সিএমএম আদালতে তিনি এই মামলার আবেদন করেন।
ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।
বিষয়টি বাদীপক্ষের আইনজীবীর আইনজীবী আজিজুর রহমান দুলু নিশ্চিত করেছেন।
মামলার অপর আসামিরা হলেন-প্রতিষ্ঠানটির সম্পাদক সার্চলাইট (অনুসন্ধান) ফয়সাল আলম, নির্বাহী সম্পাদক জহিরুল আলম, হেড অফ মাল্টমিডিয়া রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাকসুদ উন নবী, সিনিয়র নিউজ এডিটর তুহিন কাইয়ুম ও রিপোর্টার জাহিদ হোসেন।
মামলায় অভিযোগে বলা হয়, গত ৯ অক্টোবর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চ্যানেল ২৪ এ আসামিরা আরিফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেছেন। ‘মামলা আছে, নেই বাদী-সাক্ষীর খোঁজ: বিচারককে ঘিরে অনুসন্ধানে চাঞ্চল্য’ এমন সংবাদ প্রচার করে। এ অসত্য প্রতিবেদনের ভিত্তিতে আরিফুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে মর্মে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচার করেন।
আরিফুল ইসলাম অভিযোগে বলেছেন, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম লালমনিরহাটে কর্মরত থাকাবস্থায় গত ১৫ অক্টোবর বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়। একই তারিখ তাকে সাময়িক বরখাস্ত করা হয়। শরীয়তপুরের সাবেক জেলা ও দায়রা জজ মো. সোলায়মানের অভিযোগের ভিত্তিতে তাকে বরখাস্ত করেন।





















