দ্যুতিদীপন বিশ্বাস, সাতক্ষীরা প্রতিনিধি, ৯ নভেম্বর ২০২৬ , ১০:২৬:৩৩ প্রিন্ট সংস্করণ
সুন্দরবনে বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজির প্রতিবাদ এবং অপহৃত জেলেদের অক্ষত উদ্ধারের দাবিতে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বিক্ষোভ করেছেন বনজীবীরা। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় সুন্দরবনসংলগ্ন খোলপেটুয়া নদীতে শতাধিক নৌকা নিয়ে ভাসমান মানববন্ধন ও সমাবেশ করেন তাঁরা। ‘বনদস্যু নির্মূল কমিটি’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন এলাকার বাওয়ালি, জেলে ও মৎস্যজীবীরা অংশ নেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে সুন্দরবনের নোটা বেঙ্ক, চালতেবড়ো ও রায়মঙ্গল নদী এলাকায় নতুন করে সংগঠিত দস্যুবাহিনী অন্তত ১০ থেকে ১১ জন জেলেকে অপহরণ করেছে। অপহৃতদের মুক্তির জন্য জনপ্রতি ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হচ্ছে।

স্থানীয় বনজীবী আলতাফ হোসেন বলেন, “দস্যুদের অত্যাচারে আমরা বনে যেতে পারছি না। পাস নিয়ে বনে গেলেও তাদের মোটা অঙ্কের চাঁদা দিতে হচ্ছে। চাঁদা না দিলে মারধর করা হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। পরিবার নিয়ে না খেয়ে মরার অবস্থায় পৌঁছেছি। দ্রুত আমাদের অপহৃত ভাইদের দস্যুদের হাত থেকে উদ্ধার করা হোক।”
বনজীবীদের আন্দোলনে সংহতি জানিয়ে স্থানীয় ইউপি সদস্য ও সমাজকর্মী মো. রফিকুল ইসলাম বলেন, “সুন্দরবনকে একসময় দস্যুমুক্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির শিথিলতার সুযোগে ৭ থেকে ৮টি নতুন দস্যুবাহিনী গড়ে উঠেছে। স্থলভাগে এদের কিছু গডফাদার ও দালাল রয়েছে, যারা জেলেদের তথ্য দস্যুদের কাছে পাচার করে। শুধু নদীতে টহল দিলেই হবে না, স্থলভাগের এসব দালালকেও গ্রেপ্তার করতে হবে। সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।”
সুন্দরবনের নিরাপত্তা ও অপহৃত জেলেদের উদ্ধারের বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম. কে. এম. শাহিনুর ইসলাম বলেন, জেলে ও বনজীবীদের নিরাপত্তার বিষয়টি বন বিভাগ গুরুত্বের সঙ্গে দেখছে। বনের অভ্যন্তরে বন বিভাগের ফাঁড়িগুলো সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তবে জনবল ও আধুনিক জলযানের কিছু সীমাবদ্ধতা রয়েছে।
তিনি আরও বলেন, দস্যু দমন ও অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড, নৌ পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে যৌথ টহলের পরিকল্পনা করা হচ্ছে। দ্রুত সুন্দরবনে বিশেষ টাস্কফোর্স গঠন করে বড় ধরনের অভিযান চালানো হবে। এ সময় তিনি বনজীবীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।
সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ কামনা করেন বিক্ষোভকারীরা। সুন্দরবন পুরোপুরি দস্যুমুক্ত করা এবং জেলেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত উপকূলজুড়ে আন্দোলন ও কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।





















