মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: ১৪ নভেম্বর ২০২৬ , ৫:১২:৪৪ প্রিন্ট সংস্করণ
ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড ও এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে বগুড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই এবং দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেফতার ব্যক্তিরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তার স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশি (২৮)। শহিদুল ইসলাম ইসলামী ব্যাংক নওগাঁ শাখার একজন বিনিয়োগ গ্রাহক।
পুলিশ সুপার জানান, ২০১৫ সালে শহিদুল ইসলামের নামে এক লাখ টাকা সীমার একটি ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করে ইসলামী ব্যাংক নওগাঁ শাখা। ওই কার্ড এবং পূবালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাংক হিসাব থেকে অননুমোদিতভাবে অর্থ স্থানান্তর করেন তিনি।
পুলিশের তথ্য অনুযায়ী, শুরুতে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম স্থানান্তর করা হলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে আড়াই লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের পর নওগাঁ সদর মডেল থানায় মামলা হয়। মামলার তদন্তের সূত্র ধরে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে বগুড়া সদরের বিভিন্ন এলাকায় টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার দম্পতির দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাদের বাসার শয়নকক্ষের কাঠের আলমারিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই ও জালিয়াতিতে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন জালিয়াতির কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আত্মসাৎ করা অর্থের প্রায় দেড় কোটি টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। বাকি টাকা দিয়ে তারা বিলাসী জীবনযাপন করতেন।
তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে ব্যাংকের অভ্যন্তরীণ কোনো চক্র বা অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















