প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ , ৭:৩৬:২২ প্রিন্ট সংস্করণ
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের লড়াইয়ে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি দেখতে ৫-৬ ঘণ্টা আগে থেকেই জাতীয় স্টেডিয়ামের সামনে জড়ো হচ্ছিলেন লাল-সবুজের সমর্থকরা। তবে তাদের সবার কাছে নেই ম্যাচ দেখার টিকিট। তাদের কেউ টিকিট সংগ্রহ করছেন, কেউবা দামের জন্য কিছুটা দূরে দাঁড়িয়ে আক্ষেপ আর ক্ষোভে ফুঁসছেন।
এবার সাফ শেষের পথে থাকলেও শুরু থেকেই আলোচনায় টিকিটের দাম। টিকিটের জন্য হাহাকার থাকলেও কর্তৃপক্ষ মাইকিং করেও সেভাবে সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি।
রাত সাড়ে ৮টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। তবে দুই ঘণ্টা আগেও আনুষ্ঠানিকভাবে ডেকে ডেকে চলছে টিকিট বিক্রি। আগের ম্যাচেও খেলার মাঝপথে ৫০০-৬০০ টাকায় টিকিট পাওয়ার দাবি সমর্থকদের, তবে আজ সেটিও না পাওয়ায় মাঠে এসেও খেলা দেখতে না পারার আক্ষেপ করছেন।
কেবল বাংলাদেশের ম্যাচটি দেখতেই ফেনী থেকে ছুটে এসেছেন শরিফুল ইসলাম। স্টেডিয়ামের ফটক থেকে টিকিট নেওয়ার পরিকল্পনা থাকলেও দামের জন্য পারছেন না। শরিফুল জানান,‘আগেও গ্যালারিতে বসে বাংলাদেশের অনেক খেলা দেখেছি। টিকিটের দাম কমানো হলে এবারও সেই সুযোগ হতো। এখন সবকিছুর দাম বাড়তি, সাধারণ গ্যালারি অন্তত ৫০০ টাকা করা যেত। এ ছাড়া স্টেডিয়ামের বাইরেও খেলা দেখার ব্যবস্থা নেই। যে কোনো বড় বড় টুর্নামেন্টে বাইরে জায়ান্ট স্ক্রিন থাকে, এখানে সেরকম কিছুও নেই।’
স্টেডিয়ামের এক নম্বর গেটে ১০০০ টাকা দামের গ্যালারির টিকিট বিক্রি শেষ। এখন ক্লাব হাউজ (৪ হাজার) ও ভিআইপি (৭ হাজার) গ্যালারির জন্য ডাকা হচ্ছে। তবে তিন-চার নম্বর গেটে এখনও সাধারণ গ্যালারির টিকিট বিক্রি করা হচ্ছে।
এভাবে চললে ভবিষ্যতে গ্যালারিতে দর্শক কমার শঙ্কার কথা শোনালেন পাশে থাকা আরেক দর্শক, ‘সাফের আগে প্রীতি ম্যাচেও দেখতাম টিকিট সোল্ড আউট। খুব দ্রুততম সময়ে এরকম দেখতাম। এখন আয়োজকরা ভেবেছে দাম বাড়ালেও মানুষ খেলা দেখবেই, কিন্তু এটা ভুল। মানুষের জন্য খেলা দেখার সুযোগ সহজলভ্য না হলে ধীরে ধীরে দর্শক কমবে।’
একইভাবে ক্ষোভ প্রকাশ করলেন বিটু আহমেদ, ‘গ্যালারি কিন্তু খালি থাকে। হাজার হাজার আসন ফাঁকা রেখে টিকিটের দাম বাড়িয়ে লাভ কি? আর আল্লাহ না করুক বাংলাদেশ যদি এখানে হেরে যায়, তখন এসব দর্শকও আসবে না।’
দাম কম থাকবে আশায় স্টেডিয়ামের আশপাশে ঘুরছেন শামসুদ্দিন ও তার বন্ধু। তারা জানান, ‘আগের ম্যাচেও এখানে এসে আমরা ৫০০ টাকায় টিকিট পেয়েছি। আজকে কেন দাম কমাচ্ছে না।’
প্রসঙ্গত, অনেকক্ষণ ডাকাডাকির পর স্টেডিয়ামের এক নম্বর গেটে ১০০০ টাকা দামের গ্যালারির টিকিট বিক্রি শেষ। এখন ক্লাব হাউজ (৪ হাজার) ও ভিআইপি (৭ হাজার) গ্যালারির জন্য ডাকা হচ্ছে। তবে তিন-চার নম্বর গেটে এখনও সাধারণ গ্যালারির টিকিট বিক্রি করা হচ্ছে।





















