নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ): ১৬ নভেম্বর ২০২৬ , ১২:০৭:২৮ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অধ্যক্ষ ফজলুল হক তরফদারকে আহ্বায়ক করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সমন্বয়ক কমিটির উদ্যোগে আয়োজিত সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা। এ ছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রম, শিক্ষকদের পারস্পরিক ঐক্য, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
এ সময় শিক্ষকরা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে উপজেলার মাধ্যমিক শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যক্ষ ফজলুল হক তরফদার বলেন, উপজেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক সমাজকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, জবাবদিহিমূলক ও আদর্শভিত্তিক শিক্ষক সমিতি গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। শিক্ষকদের ঐক্য, অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন তাঁরা।
নবগঠিত ১৭ সদস্যের আহ্বায়ক কমিটির মাধ্যমে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।















