প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৬ , ২:৫৪:৪৬ প্রিন্ট সংস্করণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত ভার্চুয়ালি শুনানি শেষে এ আদেশ দেন। সঙ্গে আরও দুইজন রমজান আলী মাদবর এবং নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম।
কারাগার থেকে আসামি মমতাজ ও রমজানকে ভার্চ্যুয়ালি হাজির দেখানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন।
আবেদনে বলা হয়, আসামিরা আওয়ামী লীগের সক্রিয় নেতা-কর্মী। মামলার এজাহারনামীয় অন্যান্য আসামিদের সহায়তায় তারা এই মামলার ঘটনা সংঘটিত করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টির কাছে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন ওমর ফারুক শাকিল। এসময় তার ওপর হামলা চালানো হয়। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করে আসামিরা। গুলিবিদ্ধ শাকিলকে প্রথমে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিএমএইচে ভর্তি করে অপারেশন করা হয়।
চিকিৎসক জানান, শাকিলের ডান চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা হয়।





















