সারাদেশ

মাধবপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি অভিযোগ,আড়ৎ মালিককে জরিমানা

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৬ , ৮:৪৬:১৪ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক মাছের আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ২০০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকালে মাধবপুর বাজারের কাটিয়ারা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়। অভিযানে মনি মুক্তা মৎস্য আড়তের মালিক প্রমোদ দাসকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন ব্যক্তি মাছ কিনতে গিয়ে ওই আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হতে দেখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হলে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সুকোমল ভট্টাচার্য ঘটনাস্থলে পৌঁছান।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রায় ২০০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে জব্দ করা মাছ মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ও ফিল্ড অ্যাসিস্ট্যান্ট শরিফ উদ্দিন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় বলেন, নিষিদ্ধ পিরানহা মাছের বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content