সারাদেশ

সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিং কর্মী আটক

  সাতক্ষীরা প্রতিনিধি: ১৭ নভেম্বর ২০২৬ , ৬:২০:৫৭ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের এক আউটসোর্সিং কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ওই কর্মীর নাম মাহমুদুল হাসান (২৪)। তিনি সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালীপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১৬ নভেম্বর) ওই গৃহবধূ চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে যান। বহির্বিভাগে চিকিৎসক দেখানোর পর তাকে কয়েকটি শারীরিক পরীক্ষার পরামর্শ দেওয়া হয়। দুপুর ১২টার পর তিনি হাসপাতালের প্যাথলজি বিভাগে গেলে নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার কথা বলে সেদিন পরীক্ষা করা সম্ভব নয় বলে জানানো হয়।

এ সময় প্যাথলজি বিভাগে কর্মরত আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসান পরীক্ষা করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ওই নারীকে অপেক্ষা করতে বলেন। একপর্যায়ে পরীক্ষার নমুনার জন্য তাকে প্রস্রাব সংগ্রহ করে আনতে বলা হয়। ভুক্তভোগী নারী নমুনা সংগ্রহ করতে গেলে মাহমুদুল হাসান কৌশলে প্যাথলজি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনার পর ওই নারী বাড়িতে ফিরে বিষয়টি তার স্বামীকে জানান। পরদিন মঙ্গলবার দুপুরে স্বামীর সঙ্গে সাতক্ষীরা সদর থানায় উপস্থিত হয়ে তিনি এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাহমুদুল হাসানকে আটক করেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এ ছাড়া ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশি পাহারায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content