সারাদেশ

কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলার অভিযোগ; ৩৫ জনের বিরুদ্ধে মামলা

  এম.আমিরুল ইসলাম জীবন.স্টাফ রিপোর্টার ২১ নভেম্বর ২০২৬ , ৮:৪২:১২ প্রিন্ট সংস্করণ

যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক রায়হান হাসান রাজিবের শ্বশুর আবদুল মজিদ বাদী হয়ে এ মামলা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খন্দকার শরীফ রেজা তপু নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার খন্দকার শরীফ রেজা তপু যশোর শহরের আরএন রোড এলাকার খন্দকার আবদুর রাজ্জাকের ছেলে। অন্যদিকে মামলার বাদীর জামাতা চালক রায়হান হাসান রাজিবের বাড়ি ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তাঁর জামাতা রাজিব ও সহকারী হৃদয় মালামাল নিয়ে নারায়ণগঞ্জ থেকে কাভার্ড ভ্যানে যশোরের উদ্দেশে রওনা দেন। রাত দুইটার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর ইউনিয়ন পরিষদের সামনে নুরিতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা চলন্ত কাভার্ড ভ্যান লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে গাড়িতে আগুন ধরে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় রাজিব ও হৃদয় গাড়ি থেকে লাফিয়ে নামতে পারলেও আগুনে রাজিবের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।

বাদীর দাবি, হামলায় কাভার্ড ভ্যানের ৩০ লাখ টাকা ও ভেতরে থাকা মালামালের ৩০ লাখ টাকাসহ মোট ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন খালধার রোডের শফি গাজী, অম্বিকা বসু লেনের বিল্লাল ও তপু, পূর্ব বারান্দীপাড়ার সজল, পুরাতন কসবার শাহাজান কবীর শিপলু ও মাহমুদ হাসান বিপু, চাঁচড়ার শামীম রেজা চেয়ারম্যান, শংকরপুরের জাহাঙ্গীর, চাঁদপাড়ার মনিরুজ্জামান, তারেক সোলাইমান, বাবুল, আমিনুর ও মনিরুল, নীলগঞ্জ তাঁতিপাড়ার টাক ইব্রাহিম, বরফকল মোড়ের আসাদ বিশ্বাস, ঝুমঝুমপুরের জাবেদ ও সনু, বালিয়াডাঙ্গার রবিউল ইসলাম, মনির, পলাশ ও আবদুল হামিদ, বাউলিয়ার সুমন ও বায়েজিদ, সীতারামপুরের তহিদ, দাইতলার হাসান, ভাইনার বাহারুল, হামিদপুরের মাসুদ ও সরোয়ার, বাহাদুরপুরের ওমর ফারুক অপু ও আকতার হোসেন ওরফে ছোট আকতার, শেখহাটি মোল্লাপাড়ার মিল্টন খন্দকার, রামনগরের শেখ আলাউদ্দিন মুকুল ও চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, মাহিদিয়ার শামীম রেজা এবং জিরাট গ্রামের রাজু চেয়ারম্যান।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন বলেন, তদন্তে এ ঘটনায় গ্রেপ্তারকৃত তপুর সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content