সারাদেশ

বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

  বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৬ , ১১:২২:২১ প্রিন্ট সংস্করণ

রংপুরের বদরগঞ্জ উপজেলায় একটি পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে আটক করে নির্যাতনে মকবুল হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য খামারের দুই কর্মচারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত আর কাউকে আটকের তথ্য পাওয়া যায়নি।

বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গুদড়ির পাথার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পলিপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ হেফাজতে নেওয়া দুজন হলেন সৈয়দ আশেক সাহাদাত ওরফে সাদ এবং শিহাব বাবু।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই পোল্ট্রি ফার্মে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকায় প্রধান ফটক সব সময় বন্ধ থাকে। শনিবার (২১ নভেম্বর) রাতে চোর সন্দেহে মকবুল হোসেনকে আটক করে খামারের লোকজন মারধর করেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঘটনা ধামাচাপা দিতে তাঁকে খামারের বাইরে ফেলে রাখা হয়। পরে স্থানীয় লোকজন ও খামারের কর্মচারীদের সহায়তায় তাঁকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এদিকে রোববার সকালে খামার কর্তৃপক্ষ বদরগঞ্জ থানায় ফোন করে চুরির সন্দেহে একজনকে আটকের কথা জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, খামারের ম্যানেজারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ঘটনার সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে খামার কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নূরে আফতাব সিদ্দিকী জানান, পুলিশ আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, খামার কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ গিয়ে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এবং তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য খামারের দুই কর্মচারীকে থানায় আনা হয়েছে। কারা জড়িত, কী কারণে মারধর করা হয়েছে এবং কীভাবে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আইন নিজের হাতে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content