সারাদেশ

রংপুর পলিটেকনিকে আন্দোলনে উত্তেজনা, আহত ৫

  রংপুর প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৬ , ৯:৩২:০২ প্রিন্ট সংস্করণ

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে ক্যাম্পাসে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হন এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নারী শিক্ষার্থীদের হয়রানি ও অশালীন আচরণের অভিযোগ তুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুপুর থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের সময়সীমা (আলটিমেটাম) দেন।

আন্দোলনের মুখে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের সহায়তায় ক্যাম্পাস ছাড়েন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তবে রাত ৮টার দিকে কয়েকজন বহিরাগত স্লোগান দিয়ে ক্যাম্পাসের দিকে এগিয়ে এলে সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয় এবং রাত দেড়টা পর্যন্ত থেমে থেমে এ পরিস্থিতি চলে।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের উসকানিতে বহিরাগতরা ক্যাম্পাসে এসে তাঁদের ওপর হামলার চেষ্টা চালায়। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হেনস্তা, নবীনবরণ অনুষ্ঠানের অনুমতি না দেওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় গোপন রেখে মন্তব্য এবং সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে।

এক শিক্ষার্থী বলেন, তাঁরা পদ নিয়ে প্রশ্ন তুলছেন না; প্রশ্ন তুলছেন তাঁর আচরণ নিয়ে। তাপসী রাবেয়া ছাত্রী নিবাসের এক শিক্ষার্থীর সঙ্গেও তিনি অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী।

অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদের বক্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে তিনি অভিযোগগুলো অস্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বদলির আবেদন করার কথা জানিয়েছিলেন।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মাহফুজার রহমান বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে গেছেন এবং পুলিশ বাইরে সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও খবর

Sponsered content