সারাদেশ

সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর তৎপর পুলিশ; বনানীতে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

  নিজস্ব প্রতিবেদক ২৫ নভেম্বর ২০২৬ , ৯:৩৫:৩৬ প্রিন্ট সংস্করণ

রাজধানীর বনানীর বেলতলা আদর্শ নগর সেতুসংলগ্ন একটি দোচালা বাড়িতে এক তরুণীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সম্প্রতি ভুক্তভোগী ওই তরুণীর একটি ভিডিও সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।

ভুক্তভোগী তরুণীর ভিডিও বক্তব্য ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলতলা আদর্শ নগর সেতু পার হয়ে ডেকোরেটরের দোকান হিসেবে পরিচিত দোচালা ঘরটির নিচতলায় দোকান এবং ওপরতলায় বসবাসের কক্ষ রয়েছে। সম্প্রতি এক যুবক ওই কক্ষে তরুণীকে ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থানরত আরও দুই যুবকসহ মোট তিনজন মিলে তরুণীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করান। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তিন যুবক মিলে তাঁকে ধর্ষণ করেন বলে ভিডিও বক্তব্যে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ওই ঘর ও ডেকোরেটরের দোকানটি কামাল নামের এক ব্যক্তির দখলে ছিল। পরে জাহিদ খান নামের এক ব্যক্তি বাড়ি ও দোকানটি নিজের নিয়ন্ত্রণে নেন এবং বর্তমানে সেটি তাঁর নিয়ন্ত্রণেই রয়েছে। স্থানীয়দের অভিযোগ, জাহিদ খান ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল কালাম আজাদের গাড়িচালক হিসেবে পরিচিত।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিও বক্তব্যের সূত্র ধরে ঘটনার সত্যতা যাচাই এবং অভিযুক্ত তিন যুবকসহ জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে বক্তব্য জানতে জাহিদ খান ও বিএনপি নেতা আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

বনানী থানা-পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর

Sponsered content