সাতক্ষীরা প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ , ২:৪৪:৪৪ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া বাজারে জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে যুব জামায়াতের উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর সংবাদ সম্মেলনের পর পাল্টা অভিযোগ তুলেছেন এস এম নজরুল ইসলাম। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ করেছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বিরোধপূর্ণ জমিতে সংবাদ সম্মেলন করে মোস্তাফিজুর রহমান রেন্টু দাবি করেন, মাঝিয়াড়া মৌজায় তাঁদের পরিবারের কেনা ১১ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে। পরবর্তী সময়ে একই এলাকার জমি কাজী রেজাউল্লাহর কাছ থেকে উন্নয়ন প্রচেষ্টা ১২ শতক এবং এস এম নজরুল ইসলাম ১৩ শতক কেনেন। তাঁর অভিযোগ, নজরুল ইসলাম তাঁদের জমি দখলের চেষ্টা করছেন। এ ছাড়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে একাধিক মামলায় জড়ানো ও হত্যার পরিকল্পনার অভিযোগও করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে এস এম নজরুল ইসলাম বলেন, প্রকৃত ঘটনা আড়াল করে তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তাঁর দাবি, রেন্টুর বাবা মোমিন উদ্দীন সরদার ও তাঁর দুই চাচা ১৯৯৫ সালে কুঞ্জ বিহারী নন্দীর ওয়ারিশদের কাছ থেকে ১১ শতক জমি কেনেন। অন্যদিকে তিনি কাজী রেজাউল্লাহর কাছ থেকে ১৩ শতক জমি কিনেছেন এবং জরিপে তাঁদের জমির রেকর্ড পৃথক খতিয়ানে রয়েছে।
নজরুল ইসলামের অভিযোগ, রেন্টুর বাবা ও চাচারা দলিলে উল্লেখিত জমির পরিবর্তে তাঁর কেনা অংশ দখল করে নেন এবং সীমানাপ্রাচীর ভেঙে ইট নিয়ে যান। এ ঘটনায় কাজী রেজাউল্লাহ তালা সহকারী জজ আদালতে অবৈধ দখল উচ্ছেদ মামলা (নম্বর ১২৯/৯৯) করেছিলেন। বর্তমানে জমির মালিকানা ও বণ্টন নিয়ে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ আদালতে তাঁর করা বাটোয়ারা মামলা (নম্বর ১২৮/২৪) চলমান রয়েছে বলে জানান তিনি।
রেন্টুর বিরুদ্ধে মামলা দেওয়া ও হত্যার পরিকল্পনার অভিযোগও অস্বীকার করেন নজরুল ইসলাম। তাঁর দাবি, বিগত সরকারের সময় তিনি নিজেও রাজনৈতিক হয়রানি, হামলা ও হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। জমি নিয়ে বিরোধের সমাধানের জন্য তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জেলা জামায়াত নেতাদের কাছেও লিখিত আবেদন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিরোধপূর্ণ জমি জরিপের জন্য সম্প্রতি সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালত থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে মাপজরিপের নির্দেশনা দেওয়া হয়। আদালতের নির্দেশে উভয় পক্ষকে নোটিশ দেয় তালা থানা-পুলিশ।
তালা থানা-পুলিশের এসআই আমিরুজ্জামান মোল্লা বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে বিরোধপূর্ণ জমিটি পুলিশের তত্ত্বাবধানে উভয় পক্ষের আমিনের মাধ্যমে মাপজরিপের নির্দেশনা আসে। তিনি নোটিশ দিতে গেলে মোস্তাফিজুর রহমান রেন্টুর পক্ষ নোটিশ গ্রহণ করেনি এবং নির্দেশনা মানতে রাজি হয়নি। এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।




















