সারাদেশ

রংপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

  রংপুর প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ , ২:৪৮:৪২ প্রিন্ট সংস্করণ

oplus_0

রংপুর নগরীর দর্শনায় তিন দিনব্যাপী রংপুর জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে এ ইজতেমার কার্যক্রম শুরু হয়। আগামী শনিবার (২৮ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।

নগরীর তাজহাট এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের তাওহীদ হাউজিং থেকে দর্শনা মোড় হয়ে সূত্রাপুর-আক্কেলপুর এলাকাজুড়ে ইজতেমার আয়োজন করা হয়েছে। এতে রংপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিদের সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকেরা।

তিন দিনের এ আয়োজনে কোরআন-হাদিসের আলোচনা, ধর্মীয় বয়ান, তালিম, নামাজ ও জিকিরসহ বিভিন্ন কার্যক্রম চলছে। পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় শনিবার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

পীরগাছা থেকে আসা মুসল্লি আব্দুল্লাহ বলেন, ইজতেমাকে কেন্দ্র করে মুসল্লিরা যেন সঠিক পথের দিশা পান, সেই প্রত্যাশা তাঁর। সমাবেশ শেষে সবাই যেন দ্বীনের শিক্ষা অর্জনের উদ্দেশ্যে বের হতে পারেন, সে জন্য দোয়া করেন তিনি।

মিঠাপুকুর থেকে আসা মুসল্লি আমিনুল বলেন, নিজের ঈমান-আমল মজবুত করার উদ্দেশ্যেই তিনি ইজতেমায় এসেছেন। সবার মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য কামনা করেন তিনি।

আয়োজক কমিটির দায়িত্বশীল হাফিজ জানান, ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়েছে। বর্তমানে ধর্মীয় বয়ান চলছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সুদানসহ বিভিন্ন দেশ থেকে আসা জামাতের সদস্যরাও এতে অংশ নিচ্ছেন।

আয়োজক কমিটির আরেক দায়িত্বশীল জাহাঙ্গীর আলম জানান, ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের আয়োজনকে আমলি ইজতেমা হিসেবে পরিচালনার পরিকল্পনা রয়েছে এবং বিদেশ থেকে আসা জামাতের সদস্যদের থাকা ও অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

মাঠের প্রস্তুতির বিষয়ে স্থানীয় সংগঠক শাহা আলম বলেন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি শতাধিক জেনারেটর প্রস্তুত রাখা হয়েছে। ওজু ও গোসলের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে এবং ট্যাপ স্থাপন করা হয়েছে, যেখানে একসঙ্গে প্রায় তিন থেকে চার হাজার মানুষ ওজু করতে পারবেন।

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠে অর্ধশতাধিক মেডিকেল টিম দায়িত্ব পালন করবে বলে আয়োজকেরা জানিয়েছেন। ইজতেমা নির্বিঘ্ন রাখতে আয়োজকদের পাশাপাশি স্থানীয় প্রশাসনও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

আরও খবর

Sponsered content