কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ , ৪:২৫:৪০ প্রিন্ট সংস্করণ
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের সভাকক্ষ পায়রায় আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও ৭ নম্বর লতাচাপলী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক মো. আব্বাস আলী। অনুষ্ঠানের প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বাকি বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান এবং খামারি উদ্যোক্তা মো. আমিনুল ইসলাম তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখে। প্রাণিসম্পদ খাতের উন্নয়নে মানবসম্পদ উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতেও কাজ করা হচ্ছে। অনুষ্ঠানে উল্লেখ করা হয়, ২০২৫-২৬ অর্থবছরে ৩ লাখ ৭৭ হাজার ৫৭৮ জন প্রান্তিক খামারিকে আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রাণিজাত পণ্য ও উপজাত রপ্তানিতে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৩২ দশমিক ৯৮ লাখ মার্কিন ডলার এবং ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ১০৪ দশমিক ৬৩ লাখ মার্কিন ডলার আয় হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের খামারি, প্রাণিসম্পদ হাসপাতালের সেবাগ্রহীতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।















