ঝিনাইদহ প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ , ৬:১২:৫৭ প্রিন্ট সংস্করণ
অগ্নিসন্ত্রাসকে আওয়ামী লীগের মূল চরিত্র হিসেবে উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি। দলটির কর্মকাণ্ডের মধ্য দিয়েই তা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধ যে-ই করুক, আইনের আওতায় এনে তার বিচার নিশ্চিত করা হবে।
এর আগে কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ। অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















