রংপুর প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ , ৬:১৬:০২ প্রিন্ট সংস্করণ
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশের পর ছাদে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা থেকে প্রথমে গণপতি চক্রবর্তী এবং পরে তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলেকে হত্যা করা হয় বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।
পুলিশ কমিশনার জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তাঁরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, গণপতি চক্রবর্তীর বাড়িতে টাকা ও স্বর্ণালংকার রয়েছে—এমন ধারণা থেকেই চুরির পরিকল্পনা করেন দুই আসামি। ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ ওই বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েছিলেন এবং এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়েছিল। এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরির চেষ্টার সময়ও তাঁরা ধরা পড়েছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।
পুলিশের তদন্ত অনুযায়ী, গত ২১ আগস্ট রাতে দুই আসামি পাশের বাড়ির ছাদ ব্যবহার করে গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে ছাদে শব্দ শুনে গণপতি সেখানে গেলে তাঁদের দেখতে পান। এরপর তাঁকে হত্যা করা হয়। পরে ঘটনাস্থলে আসা তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগমী চক্রবর্তীকেও হত্যা করা হয়। সবশেষে বাড়ির ভেতরে থাকা ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীর মৃত্যু হয় আসামিদের হাতে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
তদন্তে আগমী চক্রবর্তীর সঙ্গে আসামিদের ধস্তাধস্তির তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন শনাক্ত করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও টাকা নিয়ে যান আসামিরা। পুলিশের ভাষ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে আসামিদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
মামলার তদন্তে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন যুক্ত করা হয়েছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষায় খেজুরের বিচিতে মুগ্ধ দাস, শসার টুকরায় সিদ্ধার্থ দাস এবং বিড়ির অবশিষ্টাংশে দুজনের ডিএনএ শনাক্ত হয়। এ ছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় প্যাঁচানো গামছার নমুনাতেও মুগ্ধ দাসের ডিএনএ পাওয়া গেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
পুলিশ আরও জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন প্রাপ্ত অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকার আলোচনা থাকলেও তদন্তে তাঁর অবসরকালীন অর্থের পরিমাণ প্রায় ২০ লাখ টাকা পাওয়া গেছে, যা সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে এবং হিসাব দুটি জব্দ করা হয়েছে।
তদন্ত শেষে বৃহস্পতিবার আদালতে দাখিল করা অভিযোগপত্রে দুই আসামিকে অভিযুক্ত করা হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে পুলিশের তদন্তে সন্তুষ্ট নন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে—এটি গ্রহণযোগ্য নয়; এর পেছনে আরও কেউ জড়িত থাকতে পারেন। দুইজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয় বলে দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানান তিনি। তাঁদের বক্তব্য যথাযথ গুরুত্ব পায়নি বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগপত্র নিয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে, এরপর অভিযোগ গঠন করা হবে। বিচার শুরু হলে আদালতের পর্যবেক্ষণ জানা যাবে।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগমী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলাটি রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করে।





















