সাতক্ষীরা প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ , ৬:২৯:৫০ প্রিন্ট সংস্করণ
আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও নাশকতা রোধে সরকারের ব্যর্থতার অভিযোগ এনে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি হয়।
জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে স্থানীয় নেতারা বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম মুকুল বলেন, দীর্ঘসময়ের শাসনব্যবস্থার অবসানের পর জনগণ দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ এবং আইনের শাসন প্রত্যাশা করেছিল। বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি অবিলম্বে সংসদ অধিবেশন আহ্বান করে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার দাবি জানান। দাবি না মানা হলে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি দাবি আদায়ে ডিসেম্বর মাসজুড়ে দেশব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দেন জেলা আমির।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারি ওমর ফারুক ও গাজী সৈয়দ আলী এবং জেলা কর্মপরিষদ সদস্য আজিজুল ইসলামসহ অন্য নেতাকর্মীরা।
সমাবেশ থেকে আগামী ৫ ডিসেম্বর সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে কর্মসূচির ঘোষণা দেন শহিদুল ইসলাম মুকুল। তিনি জানান, ওই দিন সকালে মহিলা সমাবেশ ও দুপুর ২টায় জনসমাবেশ হবে, যেখানে জামায়াতে ইসলামীর আমির উপস্থিত থাকবেন। কর্মসূচি সফল করতে সাতক্ষীরাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক, নিউমার্কেট ও তুফান মোড় ঘুরে আবার পার্ক এলাকায় গিয়ে শেষ হয়।





















