প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৫ , ৭:০৭:২৫ প্রিন্ট সংস্করণ
ভারত অধিকৃত কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পহেলগামে হামলার ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে বলিউডের অনেক তারকাদের।
সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে অক্ষয় কুমার লিখেছেন, “পহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনার খবর জেনে সত্যিই স্তম্ভিত। নিরীহ মানুষদের নির্মমভাবে হত্যা করা হলো। পরিবারের জন্য প্রার্থনা করছি।”
ফারহান আখতারও এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন, “পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় গভীরভাবে আহত। নিরীহ মানুষদের উপর এই হত্যালীলা কোনও অজুহাত হতে পারে না। এই ঘটনার কড়া নিন্দা হওয়া উচিত। নিহতদের পরিবারের সদস্যের প্রতি আমার সমবেদনা রইল। এই দুঃসময়ে কাশ্মীরের মানুষের পাশে আছি।”
কিছু দিন আগেই কাশ্মীর থেকে ঘুরে এসেছেন হিনা খান। তিনি নিজেও জন্মগতভাবে কাশ্মীরেরই মানুষ। তাই এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রীও। সামাজিক মাধ্যমে হিনা প্রশ্ন তুলেছেন, “পহেলগাম, কেন কেন কেন?” নিরস্ত্র নিরীহ মানুষের উপর হামলা চালিয়েছে আতঙ্কবাদীরা।
সোনু সুদ লিখেছেন,“নিরীহ পর্যটকদের উপর কাপুরুষের মতো এই হামলার নিন্দা করি। সভ্য পৃথিবীতে সন্ত্রাসবাদের কোনও জায়গা থাকতে পারে না।”
উরির হামলা নিয়ে ছবিতে অভিনয় করেছিলেন ভিকি কৌশল। এই ঘটনায় অভিনেতার প্রতিক্রিয়া, “পহেলগাম-এর জঙ্গি হামলায় যারা প্রিয়জনদের অমানবিকভাবে হারালেন তাদের যন্ত্রণা কল্পনাও করতে পারছি না।”
করণ জোহর লিখেছেন, “সত্যি হৃদয় বিদারক ঘটনা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল।”
এক সময় জঙ্গি যোগে নাম উঠে এসেছিল সঞ্জয় দত্তেরও। তিনিও ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, “ঠান্ডা মাথায় আমাদের দেশের লোককে খুন করেছে ওরা। এই ঘটনাকে ক্ষমা করা যায় না। এই জঙ্গিদের এবার বোঝা উচিত, আমরা চুপ থাকব না। আমাদের এই ঘটনার পাল্টা জবাব দিতেই হবে। প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করব এই ঘটনার যোগ্য জবাব দেওয়ার জন্য।”
এছাড়া জাহ্নবী কাপুর, তুষার কাপুর, সিদ্ধার্থ মালহোত্র, কমল হাসান, রাবিনা টন্ডনসহ অনেকেই এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন।




















