প্রতিনিধি ২৮ জুন ২০২৬ , ১০:৩৭:৪৫ প্রিন্ট সংস্করণ
বিশ্ব এসএমই দিবসকে কেন্দ্র করে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সম্ভাবনা, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন।
তিনি জানান, ২০২১ সালে চালু করা ডিজিটাল ন্যানো লোনের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার কোটি টাকা গ্রাহকদের মাঝে বিতরণ করা হয়েছে। এই ধারবাহিকতায় প্রান্তিক উদ্যোক্তাদের জন্য বর্তমানে ডিজিটাল এসএমই লোন কার্যক্রম পাইলট পর্যায়ে রয়েছে। এর আওতায় ট্রেড লাইসেন্সধারী এমএফএস এজেন্ট ও ব্যবসায়ীরা সম্পূর্ণ কাগজবিহীন প্রক্রিয়ায় কয়েক মিনিটে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাচ্ছেন। ইতিমধ্যে দুই হাজারের বেশি এজেন্ট এই ঋণ গ্রহণ করেছেন এবং পর্যায়ক্রমে সকল ট্রেড লাইসেন্সধারী উদ্যোক্তাকে এর আওতায় আনা হবে।
সিটি ব্যাংকের শক্তিশালী সাপ্লাই চেইন ফিন্যান্সিং ব্যবস্থার বিষয়ে মাসরুর আরেফিন জানান, বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে অ্যাঙ্কর হিসেবে যুক্ত করে তাদের ডিলারদের ব্যবসায়িক প্রয়োজন মেটাতে ডিজিটাল ডিস্ট্রিবিউটর ঋণ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত দুই হাজার ২৪৮ জনের বেশি ডিস্ট্রিবিউটরকে ৩২২ কোটি টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রান্তিক এলাকার উদ্যোক্তারা যাতে সরাসরি আমদানি করতে পারেন, সেজন্য ৫০টিরও বেশি শাখার মাধ্যমে ছোট এলসি সুবিধা চালু করা হয়েছে। এর মাধ্যমে ছোট উদ্যোক্তারা নিজেরা লেটার অব ক্রেডিট খোলার সুযোগ পাচ্ছেন, যা তাদের সাপ্লাই চেইন নিয়ন্ত্রণে সহায়তা করছে।
বাজেটে ঘোষিত বিশেষ তহবিল বিতরণের বিষয়ে তিনি বলেন, তৃণমূল পর্যন্ত তহবিল পৌঁছে দিতে দেশব্যাপী ব্যাংকিং নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিটি ব্যাংক তাদের শাখা, উপশাখা এবং ৪৯৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে এই অর্থ সাশ্রয়ী সুদে প্রান্তিক উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিতে পুরোপুরি প্রস্তুত। তিনি জানান, গ্রামীণ উদ্যোক্তাদের সহায়তায় ৩৩টি ডেডিকেটেড এসএমই ইউনিট অফিস কাজ করছে। এ ছাড়া কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ এবং প্রান্তিক নারীদের জন্য রেমিট্যান্স বেনেফিশিয়ারি ঋণ চালু করা হয়েছে, যার ৮০ শতাংশ গ্রাহকই নারী। ব্যাংক স্টেটমেন্টের পরিবর্তে ব্যবসার নথিপত্র ও পরিশোধের সক্ষমতা যাচাই করেই তারা এখন গ্রামীণ উদ্যোক্তাদের ঋণ প্রদান করছেন।
প্রান্তিক বা কটেজ খাতের জন্য আলাদা কোটার বিষয়ে মাসরুর আরেফিন বলেন, দেশের ৯০ শতাংশ শিল্প ইউনিট সিএমএসএমই খাতের হলেও বড় ঋণগুলো মাঝারিরাই বেশি পায়। সিটি ব্যাংক ইতিমধ্যে অন্তর্ভুক্তিমূলক দর্শনে কাজ করছে এবং তাদের কটেজ ও ক্ষুদ্রঋণের প্রায় ৯৫ শতাংশই জামানতবিহীন। এর মধ্যে ২৬ শতাংশ নারী উদ্যোক্তা। নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে সিটি ব্যাংক শুধু পুঁজি নয়, বরং সমন্বিত মেন্টরশিপ মডেল নিয়ে কাজ করছে। এসএমই ফাউন্ডেশন ও বাংলাদেশ ব্যাংকের এসআইসিআইপি প্রোগ্রামের অধীনে দেশব্যাপী নিবিড় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়াও সিটি আলো ও উঠান বৈঠকের মাধ্যমে ইতিমধ্যে ১৫ হাজারের বেশি মানুষ ডিজিটাল আর্থিক শিক্ষা গ্রহণ করেছেন।














