অর্থ-বাণিজ্য

ক্লেমনের উদ্যোগে একদিনে ‘এক লক্ষ্যে এক লাখ’ বৃক্ষরোপণ কর্মসূচি

  প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৬ , ১২:৫২:৫৫ প্রিন্ট সংস্করণ

দেশীয় ঐতিহ্য রক্ষা ও পরিবেশের ভারসাম্য ফিরিয়ে এনে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে একদিনে এক লাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কোমল পানীয় ব্র্যান্ড ‘ক্লেমন’। তাদের পরিবেশবান্ধব প্ল্যাটফর্ম ‘গ্রিন ওয়েভ’ (Green Wave)-এর আওতায় দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এত বড় পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি, যার মূল প্রতিপাদ্য ‘এক লক্ষ্যে এক লাখ’।

এই কর্মসূচির আওতায় দেশের ৮টি বিভাগের নিজস্ব ঐতিহ্য ও পরিচিতি অনুযায়ী ভৌগোলিক নির্দেশক বা জিআই (GI) পণ্য হিসেবে স্বীকৃত ফলের গাছ ও দেশীয় প্রজাতির পরিণত চারা রোপণ করা হবে। পরিবেশবিদদের মতে, বড় হওয়ার পর এই এক লাখ গাছ দেশের আঞ্চলিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি বছরে প্রায় ২,৫০০ টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে সক্ষম হবে, যা দেশের সামগ্রিক জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুধু গাছ লাগানোই নয়, সেগুলোর স্থায়িত্ব ও সঠিকভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে নেওয়া হয়েছে ‘ট্রি অ্যাম্বাসেডর প্রোগ্রাম’। পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে সরাসরি সম্পৃক্ত করতে দেশের ৫০০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের ‘ট্রি অ্যাম্বাসেডর’ হিসেবে নির্বাচিত করা হবে। গাছের নিয়মিত পরিচর্যার দায়িত্বে থাকা এসব শিক্ষার্থীদের উৎসাহিত করতে ক্লেমনের পক্ষ থেকে দেওয়া হবে ‘ক্লেমন সবুজায়ন শিক্ষাবৃত্তি’।

উদ্যোগটি সম্পর্কে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জহুরুল আলম বলেন, বাংলাদেশের প্রকৃতি ও ঐতিহ্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। ‘এক লক্ষ্যে এক লাখ’ কর্মসূচির মাধ্যমে আমরা এমন এক ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই, যেখানে প্রতিটি বিভাগের জিআই ও দেশীয় গাছ প্রকৃতির সবুজায়নের পাশাপাশি ওই অঞ্চলের সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরবে।

ক্লেমনের এই গ্রিন উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম বলেন, দেশজুড়ে সবুজায়নে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে একাত্ম হয়ে ক্লেমনের এই পথচলা অত্যন্ত প্রশংসনীয়। প্রাকৃতিক ভারসাম্য ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও পরিচর্যায় সম্পৃক্ত করার ভাবনাটও অনন্য। ক্লেমনের মতো দেশের অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানগুলোকেও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানাই।

আরও খবর

Sponsered content