প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮:৪৫:২৮ প্রিন্ট সংস্করণ
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৯ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজ রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন রেহানা পারভিন (৪৩), মো. সাইফুল ইসলাম (৫২), মো. জুয়েল শিকদার (৩৩), মো. নাজিম উদ্দিন (৩৪), মো. সাহেদ (৩৭), শান্ত শেখ (২৮), মো. হারুন মাইজভান্ডারী (৫৫), খালেদ মাহমুদ ফয়সাল (৪০) ও মো. সফিকুর রহমান (৫০)।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
গুলশান এলাকা থেকে গতকাল শনিবার তাদের গ্রেপ্তার করে পুলিশ। এর আগে শনিবার এ মামলায় ২৪ আসামির ১০ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে ১১৮ জনের নাম দিয়ে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, মিছিলে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়। ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল পুলিশ।
এদিকে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।















