প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ , ৭:২৪:০৫ প্রিন্ট সংস্করণ
জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক সাবেক লেফটেন্যান্ট কর্নেল ( অব.) আফজাল নাছেরের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দিয়েছেন।
গত ২৯ মার্চ গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন দেলোয়ার হোসেন হত্যা মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এরপর মকবুল হত্যা মামলায় গত ৫ এপ্রিল তিন দিন এবং ৮ এপ্রিল তার আরও তিন দিন এবং গত ১২ এপ্রিল দুই দিন এবং ১৪ এপ্রিল ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
ওই রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন পুনরায় তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
মামলার বিবরণ থেকে জানা যায় , ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগের ৫০০-৭০০ নেতাকর্মী। এ সময় শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালানো হয়।তাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।




















