প্রতিনিধি ২৫ মে ২০২৬ , ৮:৫৬:৩৪ প্রিন্ট সংস্করণ
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে তিনজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ট্রলারে থাকা ৮ জনের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৩ জন।
নিখোঁজ হওয়ার ব্যক্তিরা হলেন ধূলখোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের প্রয়াত জাফর জমাদারের ছেলে নূর ইসলাম জমাদার (৪৫) ও নাতি ইব্রাহিম (৯)। এ ছাড়াও নিখোঁজ একই গ্রামের রয়েছেন হামিদ বিশ্বাসের ছেলে হারুন বিশ্বাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধূলখোলা ইউনিয়ন থেকে জেলে কার্ডের চাল নিয়ে ট্রলারযোগে বাড়িতে ফেরার পথে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয় তিনজন।
হিজলা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস সিকদার জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও থানা পুলিশ একযোগে প্রায় তিন ঘণ্টা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এখন পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, আগামীকাল সকাল থেকে উদ্ধারের জন্য আবারও যৌথ অভিযান পরিচালনা করা হবে।




















