অপরাধ

বারহাট্টায় ধর্ষণ মামলায় অভিযুক্ত গোলাম কিবরিয়া কারাগারে

  নেত্রকোনা প্রতিনিধি ২ মার্চ ২০২৬ , ১১:৩৫:৪৩ প্রিন্ট সংস্করণ

 

নেত্রকোনার বারহাট্টা উপজেলা-তে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত মো. গোলাম কিবরিয়াকে (২৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন আদালত-এ হাজির হয়ে তিনি জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, অভিযুক্ত কিবরিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। ভুক্তভোগী কিশোরী তারই প্রতিবেশী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ এপ্রিল অভিযুক্ত কিবরিয়া কিশোরীকে প্রলোভন দেখিয়ে পাশের একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে প্রতিবন্ধী ওই কিশোরী। গত আগস্ট মাসে বিষয়টি প্রকাশ্যে আসে। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে কিশোরীর পরিবারকে এলাকা ছাড়ার হুমকিসহ নানা ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর বারহাট্টা থানা-য় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত কিবরিয়ার পাশাপাশি সহযোগিতার অভিযোগে পারুল আক্তার (৪০) নামের এক নারীকে আসামি করা হয়। ওই দিনই পারুল আক্তারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে কিবরিয়া এলাকা ছেড়ে পালিয়ে যান।

এদিকে গত ২২ ডিসেম্বর সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল-এ ওই কিশোরী একটি পুত্রসন্তানের জন্ম দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার দুপুরে অভিযুক্ত কিবরিয়া আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করা হয়।

বারহাট্টা থানার ওসি শিবিরুল ইসলাম আরও জানান, শিশুটির ডিএনএ পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরবর্তী ধাপে অভিযুক্ত কিবরিয়ার ডিএনএ পরীক্ষা করা হবে। ডিএনএ ফলাফলের ভিত্তিতে আদালতে প্রয়োজনীয় প্রতিবেদন দাখিল করা হবে।

আরও খবর

Sponsered content