লাইফস্টাইল

আটলান্টায় প্রবাসী বাংলাদেশিদের মহামিলনমেলা: শুরু হলো ফোবানার ৩৯তম সম্মেলন

  আন্তর্জাতিক ডেস্ক ৩১ আগস্ট ২০২৫ , ১২:৫৪:০৭ প্রিন্ট সংস্করণ

প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক ও সামাজিক সমাবেশ ফোবানা (FOBANA) সম্মেলনের ৩৯তম আসর যুক্তরাষ্ট্রের আটলান্টায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) আটলান্টার ডুলুথে গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা হাজারো প্রবাসীর পদচারণায় পুরো পরিবেশ পরিণত হয় এক টুকরো বাংলাদেশে।

ঐক্যের বার্তা ও সাংস্কৃতিক বৈচিত্র্য

উদ্বোধনী দিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। আলোচকরা প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি এবং আগামী প্রজন্মকে মাতৃভাষা ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখার গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি’র চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন, যুক্তরাষ্ট্রের জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ড জোন্স, চার্জ দ্যা অ্যাফেয়ার্স সালাউদ্দিন মাহমুদ, কনসাল জেনারেল সেহেলি সাবরিন, সেনেটর শেখ আব্দুর রহমান, সেনেটর নাবিলা ইসলামসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা উদ্বোধনী আসরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যবসায়িক নেটওয়ার্কিং ও বিনিয়োগ আহ্বান

দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশগ্রহণে বিজনেস নেটওয়ার্কিং সেমিনার। সেখানে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন। তিনি প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টরে বিনিয়োগের আহ্বান জানান।

বৈচিত্র্যময় আয়োজন

তিন দিনব্যাপী এই সম্মেলনে ছিল আলোচনা সভা, সাহিত্য আসর, নাটক, লোকসংগীত, আধুনিক গান, ফ্যাশন শো, শিশু-কিশোরদের জন্য বিশেষ অনুষ্ঠানসহ নানা আয়োজন। এছাড়া ছিল বাঙালি খাবার, পোশাক, অলঙ্কার ও বইমেলা, যা পুরো সম্মেলনকে রূপ দেয় ক্ষুদ্র বাংলাদেশে।

তরুণ প্রজন্ম ও বিশেষ সেবা

এবারের আসরে প্রবাসী তরুণ-তরুণীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আয়োজকরা জানান, ফোবানা শুধু সাংস্কৃতিক নয়, মানবিক বিষয়েও কাজ করছে। কনস্যুলেট জেনারেলের বিশেষ বুথে প্রবাসীদের জন্য পাসপোর্ট নবায়ন, ই-পাসপোর্ট, এনআইডি সমস্যাসহ বিভিন্ন সেবা দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী এবং আটলান্টার ১০ জন মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করা হয়।

সংস্কৃতি, ঐতিহ্য ও নতুন দিগন্ত

ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী বলেন, “প্রবাসীদের ঐক্য সুদৃঢ় করা এবং নতুন প্রজন্মকে বাংলাদেশের জীবন, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এ সম্মেলনের মূল লক্ষ্য।”

সম্মেলনে অংশ নেয় উত্তর আমেরিকার ২৪টি শহরের ৭৪টি সংগঠন। সাংগঠনিক সাংস্কৃতিক পরিবেশনা, বিষয়ভিত্তিক সেমিনার, কবিতা পাঠ, বইমেলা ও জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সংগীতানুষ্ঠান প্রবাসীদের মাতিয়ে রাখে।

আগামী আসর লস অ্যাঞ্জেলেসে

তিন দিনের এই মহোৎসব শেষে ফোবানার সাধারণ সভায় আগামী বছরের নতুন কমিটি ঘোষণা করা হবে। আয়োজকরা জানিয়েছেন, ২০২৬ সালে ৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে।

আরও খবর

Sponsered content