প্রচ্ছদ

বিরামপুরে চীনা নাগরিক এসেছেন আত্মীয়তার টানে, ছড়ানো হচ্ছে প্রেমের গুজব!

  মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৩৬:৪৬ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুর দয়ারপাড়া গ্রামে এক বিদেশি অতিথির আগমন ঘটেছে। স্থানীয় রিতা বেগমের বাড়িতে বেড়াতে এসেছেন চীনের নাগরিক লি ছোয়াচো। তার আগমনে গ্রামজুড়ে কৌতূহলী মানুষের ভিড় জমে গেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে রিতা বেগম জানান, ফেসবুক ও একটি মোবাইল অ্যাপের মাধ্যমে লি ছোয়াচোর সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে লি ছোয়াচো তাকে বোন হিসেবে গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। এমনকি ভিডিও কলে রিতার মায়ের সঙ্গে কথা বলার সময় তিনি তাকে ‘মা’ বলে সম্বোধন করেন।

পরিবারের সঙ্গে আলোচনা করেই তাকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানো হয়। মূলত বাংলাদেশের সংস্কৃতি ও পারিবারিক জীবনযাত্রা কাছ থেকে জানতেই লি ছোয়াচো এই সফরে আসেন। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছে রিতা বেগম, তার স্বামী ও বাবা বিমানবন্দর থেকে তাকে রিসিভ করেন। পরে প্রাইভেটকারে বিরামপুরের বাড়িতে নিয়ে আসা হয়।

তবে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন রিতা বেগম। তিনি বলেন, “গুজব রটানো হচ্ছে যে প্রেমের টানে তিনি বাংলাদেশে এসেছেন। এটি সম্পূর্ণ মিথ্যা। আমার সংসার আছে, স্বামী ও সন্তান আছে। যারা এমন অপপ্রচার করছে, তারা আমার সম্মানহানি করতে চাইছে।”

এলাকাবাসী আকবর হোসেন জানান, “লি ছোয়াচো আমাদের গ্রামে অতিথি হয়ে এসেছেন। আমরা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি। দয়া করে কেউ গুজবে কান দেবেন না।”

চীনা নাগরিকের আগমনে গ্রামে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের মতে, এ ধরনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের সংস্কৃতি বিনিময়ে নতুন মাত্রা যোগ করবে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, “চীনা নাগরিকের বিরামপুরে বেড়াতে আসার বিষয়টি আমরা জেনেছি। বিদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।”

আরও খবর

Sponsered content