জাতীয়

এবার খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত চীনের বিশেষজ্ঞ টিম

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ১২:০৮:৪৬ প্রিন্ট সংস্করণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রবেশ করেছেন চীনের চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ডা. কাই জিয়াংফ্যাং-এর নেতৃত্বে চীনের মেডিকেল টিমটি হাসপাতালের সিসিইউতে প্রবেশ করেন।এই চিকিৎসকদলে আরও রয়েছেন- ইউয়ান জিন, ঝ্যাং ইউহুই ও মেং হং।

এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে চায়না সাউদান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের মেডিকেল টিমটি ঢাকায় আসেন এবং রাত সোয়া ১০টার দিকে হাসপাতালে পৌঁছান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান সাবেক সচিব আব্দুল খালেক এবং হাসপাতালে তাদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই দিন সকালে যুক্তরাজ্যের এক চিকিৎসক এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। ডা. রিচার্ড বিলি নামে ওই চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি হাসপাতালের চতুর্থ তলায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রবেশ করেন, যেখানে খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিশেষজ্ঞরা খালেদা জিয়ার বর্তমান চিকিৎসা প্রক্রিয়া পর্যালোচনা করছেন এবং স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।

উল্লেখ্য, বার্ধক্যজনিত নানা জটিলতায় গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে ওই হাসপাতালের সিসিইউতে রয়েছেন।

৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

আরও খবর

Sponsered content