এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা: ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৬:৩৯:২৫ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়াকে কেন্দ্র করে গোলাপি আক্তার নামে এক নারী ওয়ারিশকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত গোলাপি আক্তারকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলায় তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে।
আহত গোলাপি আক্তার অভিযোগ করেন, তার বাবা চার বছর আগে মারা যান। এরপর থেকে তার চাচারা তাদের পৈত্রিক জমি জোরপূর্বক দখল করে রেখেছেন। জমির অংশ বুঝিয়ে দেওয়ার কথা বলায় তারা ক্ষিপ্ত হন।
তিনি বলেন, শুক্রবার তার ভাই মেহেদী ও ইমরান মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গেলে সোহেল খান, ফিরোজ খান, দুলাল খান, বাবুল খান, এনায়েত খান, পিয়ারা বেগম ও শাজাহান রাঢ়ীসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। পরে খবর পেয়ে তিনি সেখানে গেলে তাকেও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
গোলাপির ভাই মিজানুর রহমান বলেন, চাকরির কারণে তারা ঢাকায় থাকেন। বাবার মৃত্যুর পর থেকেই চাচারা তাদের পৈত্রিক জমি দখল করে রেখেছেন। সম্পত্তির অংশ বুঝে নিতে তারা বাড়িতে এসেছেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে শালিস বৈঠকের কথাও ছিল। শালিসের বিষয়টি জানার পরই তাদের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করেন মিজানুর রহমান।
তবে অভিযুক্ত ফিরোজ খান জমি নিয়ে বিরোধের কথা স্বীকার করে বলেন, তারা যে জমি দাবি করছেন, তা তারা পাবেন না। নিজেদের মধ্যে মারামারি হয়েছে বলেও তিনি স্বীকার করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















