প্রতিনিধি ২৭ জুলাই ২০২৬ , ৮:০৪:০৭ প্রিন্ট সংস্করণ
খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন রেলস্টেশনের সামনে ইমন নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত ইমন (২১) আড়ংঘাটা থানার বাসিন্দা সোবহান শেখের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার পর মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে যায়। তবে হত্যার কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর ইসলাম জানান, স্থানীয়রা রেলস্টেশনের সামনে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
তিনি আরও জানান, ঘটনার পরপরই এলাকায় তদন্ত শুরু হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা, আশপাশের তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সম্ভাব্য সব সূত্র যাচাই করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।





















