সারাদেশ

গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে রংপুরে সেনাবাহিনীর কমান্ডো মহড়া

  মো. সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:৪৭:১৫ প্রিন্ট সংস্করণ

 

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী-এর উদ্যোগে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে ৬৬ পদাতিক ডিভিশনের কমান্ডো গ্রুপের এ মহড়া অনুষ্ঠিত হয়।

৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান-এর নির্দেশনায় আয়োজিত মহড়া শেষে জানানো হয়, নির্বাচনকালীন যেকোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

মহড়ায় হেলিকপ্টারের মাধ্যমে ১০ সদস্যের একটি প্যারা কমান্ডো দল ক্রিকেট গার্ডেন মাঠে অবতরণ করে। নির্বাচনের দিন রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চলের যেকোনো ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হলে কীভাবে হেলি ড্রপের মাধ্যমে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে—তা বাস্তব অনুশীলনের মাধ্যমে প্রদর্শন করা হয়।

মহড়ায় দেখানো হয়, কীভাবে অত্যন্ত দক্ষতা ও নিপুণতার সঙ্গে দ্রুতগতিতে ভোটকেন্দ্রে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। কমান্ডো দল মুহূর্তের মধ্যেই এলাকা ঘিরে ফেলে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম—এ দৃশ্য মহড়ায় তুলে ধরা হয়।

এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের নির্বাচনে সেনাবাহিনী ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে নজরদারি ও অভিযান পরিচালনা করবে। পাশাপাশি ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহারের মাধ্যমে দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করে নিখুঁতভাবে অভিযান পরিচালনার সক্ষমতাও দেখানো হবে।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুত রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ করছে সেনাবাহিনী। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জাতিকে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

মহড়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে শতশত সাধারণ মানুষ আগ্রহভরে সেনাবাহিনীর এই কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

আরও খবর

Sponsered content