বিনোদন

গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৬ , ১২:২৮:২৬ প্রিন্ট সংস্করণ

একটা সময় টিভি খুললেই যাকে নিয়মিত দেখত দর্শক, তিনি হলেন এডওয়ার্ড মাইকেল গ্রিলস, ওরফে বিয়ার গ্রিলস। পৃথিবীর দুর্গম সব পরিবেশে ‘টিকে থাকার লড়াই’ বা ‘সার্ভাইভাল’ শেখানোটা ছিল তার উদ্দেশ্য; যা জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ দেখা যেত। পর্দায় নানা জটিল ও মারাত্মক পরিস্থিতি মোকাবেলার দৃশ্য তুলে এনে দর্শকপ্রিয়তার শীর্ষে ওঠেন এই তারকা; এখনও বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে যার বিশাল সংখ্যক ভক্তকূল।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এই টিভি তারক ও ব্রিটিশ অভিযাত্রীর এমন এক ছবি সামনে এসেছে, যা দেখে রীতিমতো চমকে গেছেন ভক্তরা। জঙ্গল, সাপ কিংবা কাদাপানির বদলে তরুণ বিয়ার গ্রিলসের হাতে শোভা পাচ্ছে আস্ত একটি অ্যাকোস্টিক গিটার!

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পুরোনো সেই ছবিটি শেয়ার করে বিয়ার গ্রিলস ক্যাপশনে লিখেছেন, ‘স্ট্রং লুক!’। লম্বা চুল আর হাস্যোজ্জ্বল মুখে গিটার বাজানোর পোজে শৈশবের হিরোকে দেখে স্মৃতিকাতর হয়ে পড়েছেন নেটিজেনরা। যদিও ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ তার সর্বভুক ইমেজের কারণে মন্তব্যের ঘরে হাসির রোল পড়েছে।

তবে ছবিটি দেখে অনেকের মনেই কৌতূহল জেগেছে—টিভি পর্দায় অ্যাডভেঞ্চারের নেশায় মেতে ওঠার আগে বিয়ার গ্রিলস কি পেশাদার মিউজিশিয়ান ছিলেন? যদিও এর সোজা উত্তর হলো, না; তিনি পেশাদার কোনো সংগীতশিল্পী নন। তবে গান ও গিটারের প্রতি তার ভালোবাসা বেশ পুরোনো।

ইউটিউবে খুঁজলে দেখা যায়, ২০১১ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে এক অনুষ্ঠানে মঞ্চে বসে দর্শকদের সামনে সরাসরি গিটার বাজিয়ে গান করছেন তিনি। অর্থাৎ, পেশাদার মিউজিশিয়ান না হলেও গিটারের তারে সুর তোলার শখ তার বহুদিনের।

১৯৭৪ সালের ৭ জুন জন্ম নেওয়া বিয়ার গ্রিলসের টেলিভিশন জগতে প্রবেশ ঘটে মূলত একটি ডিওডোরেন্টের বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর ইংল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাদক-বিরোধী ক্যাম্পেইন থেকে শুরু করে ‘দ্য অপরাহ উইনফ্রে শো’, ‘দ্য টুনাইট শো উইথ জে লেনো’ এবং ‘দ্য লেট শো ডেভিড লেটারম্যান’-এর মতো বিশ্বখ্যাত সব অনুষ্ঠানে দেখা গেছে তাকে। তবে তার জনপ্রিয়তার পারদ চূড়ায় পৌঁছায় ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ -এর হাত ধরে; যেটি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ধাপে ধাপে সম্প্রচার হয়েছে। পাশাপাশি ‘রানিং ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’, ‘বিয়ার গ্রিলস সার্ভাইভাল স্কুল’ এবং ‘ওর্স্ট কেস সিনারিও’-এর মতো শোগুলো তাকে টিভি ও বিনোদন জগতে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।

তবে অতীতের গিটার হাতে পুরোনো স্মৃতি রোমন্থন করলেও বর্তমানে তিনি তার চেনা জগতেই বেশ ব্যস্ত। চলতি বছরের গত ৯ আগস্ট অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে তার নতুন রিয়েলিটি সিরিজ ‘দ্য চুজেন ইন দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’। এই শোতে বিয়ার জনপ্রিয় ঐতিহাসিক ড্রামা ‘দ্য চুজেন’-এর অভিনয়শিল্পীদের নিয়ে প্রযোজনা করেছেন; উটাহর ক্যানিয়নল্যান্ডস থেকে শুরু করে কলোরাডো নদী এবং গ্রেট বেসিন মরুভূমির মতো দুর্গম পরিবেশে টিকে থাকার নতুন চ্যালেঞ্জে মেতেছেন সবার প্রিয় এই সারভাইভাল আইকন।

আরও খবর

Sponsered content