মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার: ১০ জুন ২০২৬ , ৬:৩৬:৫২ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় গ্রাম্য সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক চোরাকারবারিদের প্রশাসনের কাছে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় বল্লমের আঘাতে গুরুতর আহত হন দুর্লভপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শওকত আলীর ছেলে ইব্রাহিম। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



















