মোঃ অনিক দেওয়ান , স্টাফ রিপোর্টার ৫ জানুয়ারি ২০২৬ , ৩:৫৮:৩৮ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন। আক্রান্তরা জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার (৫ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত ডায়রিয়াবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। এছাড়া শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, এর আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৬১ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪৫ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬১ জন। ফলে বর্তমানে জেলা হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মোট ৪৫ জন রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে বিশুদ্ধ পানি পান ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।




















