সারাদেশ

চুনারুঘাটে গণসংবর্ধনায় এমপি ফয়সল: জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছি

  নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৬ , ১২:১৫:০২ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল বলেছেন, জনগণ বিএনপির ওপর যে আস্থা ও প্রত্যাশা নিয়ে দায়িত্ব দিয়েছে, তা পূরণে সরকার ও দলের নেতাকর্মীরা কাজ করছেন।

শনিবার বিকেলে চুনারুঘাট উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সতং বাজারে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস. এম. ফয়সল বলেন, “আমার কোনো লোভ নেই, লালসা নেই; আছে শুধু আপনাদের প্রতি ভালোবাসা।” এলাকার মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিএনপি সরকার গঠনের সাত মাস হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই দেশের উন্নয়ন, গ্রামীণ আর্থসামাজিক অবস্থার পরিবর্তন এবং অর্থনীতিকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

স্থানীয় মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে সংসদ সদস্য বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানকে কেন্দ্র করে ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিনের নেতৃত্বে একটি স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সতং বাজারের সভাস্থলে গিয়ে শেষ হয়। পরে বিকেল ৪টায় গণসংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় নেতাকর্মীরা পাইকপাড়া ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন এবং তা সমাধানে সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মহালদার, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্য এস. এম. ফয়সলকে গণসংবর্ধনা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

আরও খবর

Sponsered content