মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ২৭ নভেম্বর ২০২৫ , ৭:৫৪:৫২ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বিরামপুর উপজেলার কৃতি ফুটবলার দূর্জয় পাহান (দূর্গা)-কে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ চ্যাম্পিয়ন দলের হয়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা ক্রীড়া সংস্থা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে এই সংবর্ধনা জানানো হয়। দূর্জয় পাহান দিনাজপুর জেলার চ্যাম্পিয়ন দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবদান রাখেন।
এসময় বিরামপুর উপজেলা ক্রীড়া সংস্থা’র সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আনোয়ারুল হাবিব রিটন, ক্রীড়া সংস্থার সদস্য রবিউল করিম বিপ্লব, ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক শাহ্ আলম মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান রোকন, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম ও সাবেক ফুটবলার মোস্তাফিজুর রহমান মাসুম উপস্থিত ছিলেন।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাহান পরিবার থেকে উঠে আসা প্রতিভাবান ফুটবলার দূর্জয় পাহান দূর্গা ছোটবেলা থেকেই ফুটবলে অসাধারণ দক্ষতা দেখিয়ে আসছেন। বিরামপুর পৌর শহরের চকপাড়া (পাহানপাড়া) অঞ্চলের মৃত দেবেন পাহানের ছেলে দূর্জয় বহু বছর ধরে দেশের বিভিন্ন জেলা ও ক্লাবে ফুটবল খেলে আসছেন।
এবার বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি।
স্থানীয় ক্রীড়া অঙ্গনসহ বিরামপুরবাসী দূর্জয়ের এই অর্জনে গর্বিত এবং তার ভবিষ্যত সাফল্যের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।




















