এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার: ১২ নভেম্বর ২০২৫ , ৫:০৬:১৫ প্রিন্ট সংস্করণ
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বুধবার সকালে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পশুহাটের পাশে।
নিহত মরিয়ম খাতুন ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নের শুকুরখোলা গ্রামের ইউছুপ আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মরিয়ম খাতুন তার পুত্রের সঙ্গে মোটরসাইকেলে রাজগঞ্জ বাজারে চিকিৎসার জন্য যান। বাড়ি ফেরার সময় সকাল ৯টার দিকে তারা রাস্তার পাশে মোটরসাইকেল থামালে পেছন দিক থেকে দ্রুতগামী যশোর-হ ২১-৫১৫০ নম্বর মোটরসাইকেলটি এসে ধাক্কা দেয়। এতে তিনি পাকা রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের বড় ছেলে মিজানুর রহমান রংপুর পুলিশ লাইনে ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন। আকস্মিক এই মৃত্যুতে পরিবার ও আত্মীয়স্বজনদের মাঝে গভীর শোক নেমে এসেছে।





















