তানভীর সরদার, স্টাফ রিপোর্টারঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১:২৪:৫৮ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহ শহরের পৌর এলাকার পবহাটি গ্রামে এক কৃষকের ১০ শতক জমির তামাক ক্ষেত কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
সোমবার রাতের কোনো এক সময় পৌরসভার পবহাটি গ্রামের উত্তরপাড়া মাঠে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক সিদ্দিকুর রহমান জানান, তিনি গ্রামের মাঠে এক একর জমিতে তামাক চাষ করেছেন। রাতের আঁধারে কে বা কারা তার ওই জমির মধ্যে দুই স্থানে প্রায় ১০ শতক জমির তামাক গাছ কেটে দেয়।
মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকদের মাধ্যমে খবর পেয়ে মাঠে গিয়ে তিনি তার তামাক ক্ষেত কাটা অবস্থায় দেখতে পান। সামাজিক বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি ধারণা করছেন। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
কৃষক সিদ্দিকুর রহমান বলেন, “রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা আমার জমির তামাক ফসল কেটে দিয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, “বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।




















