তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ১৬ এপ্রিল ২০২৬ , ২:৪৪:০২ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন শ্রমিকদের একাংশ। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে ‘সাধারণ শ্রমিক’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
শ্রমিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক নেতা আমির ফয়সাল মহব্বত। তিনি অভিযোগ করেন, আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে শুরু থেকেই নানা অনিয়ম হচ্ছে। প্রার্থীরা নির্দিষ্ট পদে মনোনয়নপত্র কিনলেও তা কেটে অন্য পদে জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া সভাপতি, সাধারণ সম্পাদকসহ চারটি পদে আগেই পছন্দের প্রার্থী ঠিক করা হয়েছে বলেও দাবি করেন শ্রমিকরা।
মহব্বত বলেন, “আমি কার্যকরী সভাপতি পদে মনোনয়নপত্র কিনে ১৬ হাজার ৪০০ টাকা জমা দিয়েছি। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার পর আমার পদ পরিবর্তন করে সহ-সভাপতি করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি।”
একই অভিযোগ করেন শ্রমিক হানিফ খান। তিনি বলেন, “আমি যুগ্ম সম্পাদক পদে মনোনয়নপত্র কিনেছিলাম এবং নির্ধারিত ফিও জমা দিয়েছি। কিন্তু পরে আমার পদ পরিবর্তন করে সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে শ্রমিকরা অভিযোগ করেন, কয়েকজনকে নির্বাচিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অনিয়ম করা হচ্ছে। তারা তফসিল বাতিল করে পুনরায় নতুন তফসিল ঘোষণার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন বাতিল না হলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।
এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির সহকারী নির্বাচন কমিশনার রোকনুজ্জামান রানু অভিযোগ অস্বীকার করে বলেন, প্রার্থীরা নিজেরাই স্বাক্ষর করে নির্ধারিত পদে ফরম সংগ্রহ করেছেন। আর কিছু পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় সেগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে। বাকি পদগুলোতে নির্ধারিত নিয়ম অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।





















