স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ৬ মার্চ ২০২৬ , ১২:০৩:২৮ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের শিশু মার্কেট এলাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যার পর শিশু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে জমিতে কাজ করা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশু মার্কেট এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে তর্কবিতর্ক ও বাকবিতণ্ডা হয়। পূর্ব শত্রুতার জের ধরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, একই দিন সন্ধ্যার দিকে ফিরোজ, আবু সালেহ, শিমুল, মিকাঈল ও বিল্লালসহ ৫–৭ জন মোটরসাইকেলে করে এসে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির অপর পক্ষের ওপর হামলা চালায়।
এ সময় কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধুপাবিলা গ্রামের সনজের (৫৫), সহিদুল (৫৫) ও মশিয়ার (২৬) গুরুতর আহত হন। তাদের মাথায় আঘাত লাগলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মাথায় গুরুতর জখম হওয়ায় কয়েকটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আহতদের স্বজনরা জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
আহতদের দাবি, অভিযুক্তরা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তারা জামায়াতের ছত্রছায়ায় রয়েছে।
তবে এ বিষয়ে আওয়ামী লীগ বা জামায়াতের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
ঝিনাইদহ সদর থানার ওসি সাংবাদিকদের জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















