রাজনীতি

ঝিনাইদহে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে মাদকসেবীদের আড্ডা

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৪:০৫:০৯ প্রিন্ট সংস্করণ

 ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ এলাকার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধটি বর্তমানে মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। স্মৃতিসৌধের ভেতরে ও আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সিগারেটের প্যাকেট, গ্যাসলাইট, চিপসের র‌্যাপারসহ নানা আবর্জনা। আশপাশে জন্মেছে লতা-পাতা ও ঝোপঝাড়। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও স্থানীয় প্রশাসনের তেমন নজর পড়েনি।

স্থানীয়রা জানান, প্রতিদিন দিন-রাতের বিভিন্ন সময়ে মাদকসেবীরা এখানে জড়ো হয়। তারা ধূমপান ও মাদক সেবন শেষে চারপাশ নোংরা করে রেখে যায়। এ কারণে মুক্তিযুদ্ধের এই ঐতিহাসিক স্থানটি এখন একদিকে মাদকের আখড়া, অন্যদিকে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৫ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালে আনসার কমান্ডার গোলাম মোস্তফা বিশ্বাসের নেতৃত্বে বড়দাহ ব্রিজের পাশে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়। সেই যুদ্ধের স্মৃতিকে ধরে রাখতে ২০২০ সালে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় স্মৃতিসৌধটি। কিন্তু বর্তমানে সেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, গাছের পাতা ও ময়লা জমে তৈরি হয়েছে স্তুপ।

স্থানীয় যুবক আজাদ হোসেন বলেন, “প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। ধূমপান শেষে চারপাশে আবর্জনা ফেলে যায়। অনেকেই এখানে মাদকও সেবন করে।”
আরেকজন যুবক আশিকুর রহমান বলেন, “বৃষ্টির পানি জমে আছে, আশপাশে স্তুপ হয়ে আছে ময়লা। দেখে বোঝা যায় এখানে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসে। দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
আশরাফুল নামের আরেকজন বলেন, “স্মৃতিসৌধ নির্মাণের পর থেকে কোনো রকম রক্ষণাবেক্ষণ হয়নি। এখন এটি মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। পুলিশি টহল ও পাহারার ব্যবস্থা প্রয়োজন।”

শৈলকুপা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব হাশেম খান বলেন, “মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে মাদকসেবীদের আড্ডা মুক্তিযোদ্ধাদের অপমানের সামিল। আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চাই।”

এ বিষয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, “এমন কোনো অভিযোগ আগে আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই পবিত্র এই স্থানটিতে মাদকসেবীদের আড্ডা দিতে দেওয়া হবে না।”

আরও খবর

Sponsered content