প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৩৪:২৮ প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় পাচারের উদ্দেশে বন্দী থাকা নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে এবং ঘটনাস্থল থেকে ৫ মানব পাচারকারী আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, শাহপরী ও স্টেশন টেকনাফ কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।’
তিনি আরও বলেন, ‘অভিযান চলাকালীন আভিযানিক দল একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত প্রদান করলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক আভিযানিক দল বোটটি ধাওয়া করে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।’
উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল। উদ্ধার ব্যক্তি ও আটক মানব পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘মানবপাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।’





















